
সম্প্রতি আতলেতিকো মাদ্রিদের স্প্যানিশ ডিফেন্ডার মার্কোস ইয়োরেন্তে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তাঁদের জবাব দিয়েছেন, যাঁরা তাঁর জীবনযাপন এবং বিকল্প স্বাস্থ্য বিষয়ক ভিডিও প্রচারের সমালোচনা করেন।

ইয়োরেন্তে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন:

এখন সত্যি বলতে, আপনারা আমাকে নিয়ে কী বলেন, আড়ালে কী আলোচনা করেন—তাতে আমার কিছুই যায় আসে না। বহু বছর আগেই আমি সমালোচনা নিয়ে মাথা ঘামানো বন্ধ করেছি। আমি শুধু তাঁদের ভাবনাকেই গুরুত্ব দিই, যাঁরা সত্যিই আমার জীবনের অংশ।
আসলে আপনারা যত বেশি আমাকে নিয়ে কথা বলবেন, নানা ভিডিও বানাবেন, আমার শেয়ার করা বিষয়গুলো নাকচ করতে চাইবেন, ততই আমি শক্তি পাব। প্রতিটি সমালোচনা আমার মতামতকে আরও দূরে ছড়িয়ে দেয়।
আরেকটি বিষয় আমাকে আরও আনন্দ দেয়: আমি দেখছি, আরও বেশি মানুষ বিভিন্ন বিষয়ে সন্দেহ করতে, প্রশ্ন তুলতে এবং নিজে যাচাই করতে শুরু করেছেন; ছোটবেলা থেকে শুনে আসা কথা বলেই আর চোখ বন্ধ করে সব মেনে নিচ্ছেন না।
এটাই আমার লক্ষ্য। আমি কাউকে অন্ধভাবে আমার কথা বিশ্বাস করতে বলি না। আমি চাই মানুষ স্বাধীনভাবে ভাবুক, প্রশ্ন করতে শিখুক এবং নিজেই উত্তর খুঁজে নিক।
জীবনের প্রয়োজন মেটানোর মতো যথেষ্ট আয় আমি অনেক আগেই করেছি, জীবিকার জন্য এটা করছি না। মন থেকেই আমি এটা চালিয়ে যাচ্ছি। কারণ আমি যা শেয়ার করি তাতে বিশ্বাস করি, আর জানি অনেক মানুষ দিশেহারা বোধ করছেন, তাঁরা উত্তর খুঁজছেন, ভিন্ন দৃষ্টিভঙ্গি শোনা তাঁদের দরকার।
আমার মতামত আপনাদের পছন্দ নয়? কোনো সমস্যা নেই।
আমার সমালোচনা করতে চান? করুন।
আমাকে নিয়ে ভিডিও বানাতে চান? বানান।
আসলে আপনারা আমাকেই সাহায্য করছেন। যতক্ষণ আপনারা আমাকে নিয়ে আলোচনা করবেন, আমার ভাবনা তত বেশি মানুষের কাছে পৌঁছাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আরও বেশি মানুষ প্রচলিত ধ্যানধারণা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।
তাই আপনারা নির্দ্বিধায় আলোচনা চালিয়ে যান, আমার তাতে কিছু আসে যায় না। আমার জীবন আপনাদের মতামতকে ঘিরে ঘোরে না, খোলাখুলি বলতে গেলে আমার জীবনে আপনাদের কোনো গুরুত্বই নেই।
আমি শিখতে, গবেষণা করতে, শেয়ার করতে এবং প্রশ্ন তুলতে থাকব। এ তো সবে শুরু। মুক্ত মানুষ।
শেষ আপডেট: 2026-09-27 14:50